মঙ্গলবার সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড গোবরডাঙা রেলবাজারে পুড়ে ছাই ১১টি দোকান

মঙ্গলবার সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড গোবরডাঙা রেলবাজারে পুড়ে ছাই ১১টি দোকান

মঙ্গলবার সাতসকালে গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেলবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল। আগুনের লেলিহান শিখায় ১১টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬টি দোকান। দমকলের ৫টি ইঞ্জিন প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ বিপত্তি বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৬টা নাগাদ রেলবাজারের একটি দোকানে প্রথম আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নেভানোর চেষ্টা করলেও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাবড়া ও গোবরডাঙা থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও যাতায়াতের রাস্তা অপ্রশস্ত হওয়ায় কাজ শুরু করতে সমস্যা হয়। দীর্ঘ লড়াইয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মুদিখানা ও হোটেল সহ সারিবদ্ধ দোকানগুলি ছাই হয়ে যায়।

রেলবাজারটি ১ নম্বর প্ল্যাটফর্মের একদম কাছে হওয়ায় নিরাপত্তার খাতিরে ট্রেন চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়। ১ নম্বরের পরিবর্তে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চালানো হয়। ধীরগতিতে ট্রেন চলায় অফিস টাইমে নিত্যযাত্রীরা কিছুটা ভোগান্তির মুখে পড়েন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এবং গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শংকর দত্ত। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *