মতুয়াগড়ে ভোটার তালিকায় বড় কোপ, বনগাঁ পুরসভায় নাম বাদ পড়া ৮০ শতাংশই মতুয়া হওয়ায় তুঙ্গে রাজনৈতিক তরজা

মতুয়াগড়ে ভোটার তালিকায় বড় কোপ, বনগাঁ পুরসভায় নাম বাদ পড়া ৮০ শতাংশই মতুয়া হওয়ায় তুঙ্গে রাজনৈতিক তরজা

বনগাঁ: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছে মতুয়াগড়ে। বারংবার আশ্বাস দিলেও শেষ রক্ষা হলো না। এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা জুড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ পড়ার হার সর্বাধিক। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ পুরসভা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র বনগাঁ পুরসভা এলাকাতেই ৩ হাজার ৯১২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া বিচারাধীন তালিকায় রয়েছেন আরও ২ হাজার ৮৫৫ জন, যাঁদের সিংহভাগই মতুয়া। অল ইন্ডিয়া মতুয়া সংঘের বনগাঁ মহকুমা কমিটির যুগ্ম সম্পাদক মনোজ টিকাদার জানান, বনগাঁ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বাদ যাওয়া এবং বিচারাধীন থাকা ভোটারদের একটা বড় অংশই মতুয়া। এই চিত্র সামনে আসতেই বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন মতুয়া প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, কোনো মতুয়ার নাম বাদ যাবে না বলে আশ্বাস দিলেও বাস্তবে তার উলটো চিত্র ধরা পড়েছে।

পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মতো মতুয়া অধ্যুষিত এলাকায় দেখা গিয়েছে, ৩ হাজার ৪৫৮ জন ভোটারের মধ্যে ৩৯৬ জনের নাম বাদ গিয়েছে এবং ১৬৬ জন বিচারাধীন রয়েছেন। স্থানীয় কাউন্সিলারের দাবি, সঠিক নথিপত্র দেওয়ার পরেও অনেক মতুয়ার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ২১ নম্বর ওয়ার্ডে ৩৬৫ জন এবং ১৯ ও ২২ নম্বর ওয়ার্ডেও বিপুল সংখ্যক মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে। বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি চক্রান্ত করে মতুয়াদের নাম বাদ দিয়েছে। অন্যদিকে বিজেপি পালটা দাবি করেছে, তৃণমূল ঘনিষ্ঠ বিএলও-রা পরিকল্পনামাফিক এই কাজ করেছেন। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বনগাঁর মতুয়াগড়ে এখন চরম অস্থিরতা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *