মতুয়া গড়ে দুই চিকিৎসক প্রার্থী তৃণমূলের, কল্যাণী ও হরিণঘাটায় পালটা চাল বিজেপির

আসন্ন বিধানসভা নির্বাচনে নদীয়ার কল্যাণী ও হরিণঘাটা কেন্দ্রে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মতুয়া ভোট ব্যাংক পুনরুদ্ধারে দুই পেশাদার চিকিৎসককে প্রার্থী করেছে শাসকদল। কল্যাণী কেন্দ্রে জেএনএম হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ অতীন্দ্রনাথ মণ্ডল এবং হরিণঘাটায় ডাঃ রাজীব বিশ্বাসকে সামনে রেখে ‘খেলা ঘোরানোর’ কৌশল নেওয়া হয়েছে। তরুণ ও প্রতিষ্ঠিত মুখকে প্রার্থী করে ভোটারদের কাছে নতুন বার্তা দিতে চাইছে ঘাসফুল শিবির।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বনগাঁ লোকসভার অন্তর্গত এই দুই কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে এখানে বিজেপি লিড বজায় রেখেছিল। হরিণঘাটায় ১০ হাজার এবং কল্যাণীতে প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিল গেরুয়া শিবির। এক সময়ের বাম ও তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে বর্তমানে পদ্ম শিবিরের শক্ত অবস্থান শাসকদলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পালটা প্রচারে নেমেছে বিজেপিও। হরিণঘাটায় বিদায়ী বিধায়ক অসীম সরকারের ওপরই আস্থা রেখেছে তারা। বিজেপির দাবি, নাগরিকত্ব ইস্যুতে মতুয়ারা তাঁদের পাশেই আছেন। অন্যদিকে, তৃণমূল প্রার্থীদের বিশ্বাস, এলাকার মানুষ সঠিক ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। মতুয়া ভোটের সমীকরণ ও গত নির্বাচনের লিডকে কেন্দ্র করে দুই শিবিরের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার।