মদের গ্লাসে জ্যান্ত মাছে আগুন সঞ্জয় দত্তের রেস্তরাঁয় চরম নিষ্ঠুরতার ভিডিও ঘিরে বিতর্ক

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের আন্ধেরির নতুন রেস্তোরাঁ ‘আল্টা স্টেলা’ এক নজিরবিহীন বিতর্কের মুখে পড়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গ্রাহকদের পরিবেশন করা ককটেল গ্লাসের ভেতরে জ্যান্ত মাছ ছেড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বিনোদনের নামে অবলা প্রাণীর প্রতি এমন অমানবিক আচরণ দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। সৃজনশীলতার দোহাই দিয়ে প্রাণীর ওপর এই নিষ্ঠুরতাকে ‘অসুস্থ মানসিকতা’ বলে অভিহিত করেছেন অনেকে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই সমালোচনার ঝড় বয়ে যায়। নেটিজেনদের একাংশ একে ‘সস্তা ব্যবসায়িক কৌশল’ বলে ধিক্কার জানিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে, শুধুমাত্র ইনস্টাগ্রামে প্রচার পাওয়ার আশায় একটি জীবন্ত প্রাণকে এভাবে কাঁচের পাত্রে আটকে পুড়িয়ে মারা অত্যন্ত নিষ্ঠুর কাজ। এই ঘটনার জেরে রেস্তোরাঁটির নান্দনিক থিম ও সাজসজ্জা নিয়ে তৈরি হওয়া প্রাথমিক প্রশংসা এখন চরম নিন্দায় রূপান্তরিত হয়েছে।
বিতর্কের আঁচ তীব্র হতেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তারা মেনু থেকে ওই বিতর্কিত পানীয়টি সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। উল্লেখ্য, অভিমুণ্য জাখরের সঙ্গে অংশীদারিত্বে এই রেস্তোরাঁটি চালু করেছিলেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর একটি মিউজিক ভিডিও নিয়ে চলা বিতর্কের মাঝেই নতুন এই ঘটনা অভিনেতার ব্যবসায়িক ভাবমূর্তিকে আরও সংকটে ফেলেছে। বর্তমানে ওই রেস্তোরাঁটির লাইসেন্স বাতিল ও ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে সমাজমাধ্যমে।