মধ্যপ্রদেশে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে হানা, উদ্ধার ২৫টি গ্যাস সিলিন্ডার

দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের মাঝেই মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে ২৫টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করল প্রশাসন। বুধবার গভীর রাতে বিশ্বনাথ কলোনির ৩ নম্বর ওয়ার্ডে খাদ্য দফতর ও পুলিশের যৌথ দল এই তল্লাশি চালায়। উদ্ধারকৃত সিলিন্ডারগুলোর মধ্যে ৩টি ভর্তি এবং ২২টি খালি ছিল বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে প্রশাসনের অনুমান, সরকারি নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে এই সিলিন্ডারগুলো মজুত করা হয়েছিল। কালোবাজারির সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে সিলিন্ডারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই বিপুল পরিমাণ মজুতের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে সরকার বর্তমানে বুকিংয়ের ব্যবধান বাড়ানোসহ একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। মজুতদারি রুখতে ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আইন’ প্রয়োগ করে দেশজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। ছাতারপুরের এই ঘটনাটি গ্যাস সংকটকে পুঁজি করে চলা বেআইনি কারবার দমনে প্রশাসনের সক্রিয়তারই প্রতিফলন।