মধ্যপ্রদেশে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চারতলা হোটেল, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু

মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার কোতমা শহরে শনিবার বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনায় একটি চারতলা হোটেল ধসে পড়েছে। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ স্থানীয় বাস স্ট্যান্ড সংলগ্ন জনবহুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এ পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। ব্যস্ততম এলাকায় এই আকস্মিক বিপর্যয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ছয় থেকে সাতজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়েছে এবং ক্রেন ব্যবহার করে বিশাল ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, হোটেলের পাশেই একটি নতুন ভবন নির্মাণের জন্য গভীর গর্ত খোঁড়া হচ্ছিল, যার ফলে পুরনো হোটেলের ভিত নড়বড়ে হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে হঠাৎ ভবনটি একপাশে হেলতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে তা ধসে পড়ে। কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।