মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পেট্রোল ফুরিয়ে যাওয়ার গুজব, পাম্পগুলোতে জনস্রোত সামলাতে হিমশিম প্রশাসন

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের আবহে দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর, প্রয়াগরাজ ও শ্রাবস্তীসহ দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পগুলোতে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো লাঠিহাতে নামতে হচ্ছে প্রশাসনকে।
গোরক্ষপুরের জেলাশাসক দীপক মিনা ভিডিও বার্তায় জানিয়েছেন, জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই এবং সাপ্লাই স্বাভাবিক রয়েছে। গুজবে কান দিয়ে অযথা প্যানিক বাইং না করার অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যদিকে, শ্রাবস্তীর জেলাশাসক অশ্বনী কুমার ড্রাম বা জ্যারিকেনে তেল দেওয়া নিষিদ্ধ করেছেন। শুধুমাত্র যানবাহনেই তেল ভরার অনুমতি দেওয়া হয়েছে।
একই চিত্র ধরা পড়েছে গুজরাট, আসাম, মধ্যপ্রদেশ ও বিহারেও। আসামের জোরহাটে পাম্প মালিকরা গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করলেও মানুষ অতিরিক্ত তেল মজুত করতে মরিয়া হয়ে উঠেছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও তেলেঙ্গানাতেও একই আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে এবং কালোবাজারি রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে।