মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে আকাশছোঁয়া বিমানভাড়া, সংকটে উত্তরবঙ্গ ও সিকিমের পর্যটন

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ল ভারতীয় বিমান পরিষেবায়। বুধবার এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ ও সার্কভুক্ত দেশগুলোর বিমানে অতিরিক্ত ৩৯৯ টাকা ‘ফুয়েল সারচার্জ’ কার্যকর করা হচ্ছে। এর ফলে কলকাতা-সহ বিভিন্ন রুটে বিমানভাড়া একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
জ্বালানি খরচ বৃদ্ধির এই ধাক্কায় বসন্তের ভরা মরশুমেও উত্তরবঙ্গ ও সিকিমের পর্যটন শিল্পে বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে এসেছে। হোটেল বুকিং বাতিল হওয়ার পাশাপাশি বিদেশি পর্যটকদের আনাগোনাও তলানিতে ঠেকেছে। পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, বিমানভাড়া ও যাতায়াত খরচ মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই পাহাড় ও ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকশূন্য হয়ে পড়তে পারে।
বর্তমানে রান্নার গ্যাসের আকাল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির মধ্যে বিমানভাড়া বৃদ্ধি পর্যটন মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। রাজ্য ইকো ট্যুরিজম কমিটি ও হিমালয়ান হসপিটালিটি নেটওয়ার্কের মতে, আকাশপথের এই ব্যয়বৃদ্ধি জারি থাকলে দেশীয় পর্যটকরাও ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। সব মিলিয়ে যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল হিমালয়ের পাদদেশের পর্যটন ও সাধারণ মানুষের জনজীবনে।