মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের অশনিসংকেত! ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে এবার সরাসরি লড়াইয়ে কাতার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নাটকীয় মোড় নিয়েছে কাতার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার উদ্দেশ্যে আসা ইরানের দুটি Su-24 বোমারু বিমানকে গুলি করে নামিয়েছে কাতারি F-15 যুদ্ধবিমান। লক্ষ্যবস্তু থেকে মাত্র দুই মিনিট দূরত্বে থাকাকালীন এই সংঘর্ষ ঘটে এবং ইরানি বিমান দুটি কাতারের জলসীমায় ভেঙে পড়ে। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, নিখোঁজ ক্রুদের সন্ধানে বর্তমানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহতের পর তেহরান প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। তবে এবারই প্রথম ড্রোন বা মিসাইলের বদলে সরাসরি যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলার চেষ্টা করল ইরান। মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই আকাশযুদ্ধের ঘটনাটি নিশ্চিত করেছেন। আঞ্চলিক সূত্রের দাবি, ইরান ইতিমধ্যেই এই অঞ্চলে ৪০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ১,০০০-র বেশি ড্রোন নিক্ষেপ করেছে।
এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে। পর্যবেক্ষকদের মতে, কাতারের সরাসরি এই লড়াইয়ে জড়িয়ে পড়া ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ এখন আর কেবল ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। উপসাগরীয় দেশগুলো সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ায় পুরো অঞ্চলে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। কাতারের এই পদক্ষেপ একদিকে যেমন তাদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করেছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকেও এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।