মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, দুবাই ও বাহরিনে ইরানের ড্রোন হামলায় আহত ভারতীয় নাগরিক

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি চরম উত্তেজনার দিকে মোড় নিল। মার্কিন হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রত্যাঘাত শুরু করল ইরান। বুধবার দুবাই বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা এবং বাহরিনে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলায় একজন ভারতীয় নাগরিকসহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে তেহরানের ওপর বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছিলেন। এর পরপরই ইরানের ব্যাংকিং পরিষেবা লক্ষ্য করে বড়সড় হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিশোধ নিতেই তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা ও ইজরায়েলের অর্থনৈতিক কেন্দ্র, ব্যাংক এবং প্রযুক্তি সংস্থাগুলোতে হামলার ঘোষণা দেয়।
সেই ঘোষণার প্রতিফলন হিসেবেই বুধবার দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার পর বাহরিনেও বিকট বিস্ফোরণের শব্দ এবং জরুরি সাইরেন শোনা গিয়েছে। ইজরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একের পর এক এই হামলায় পুরো পশ্চিম এশিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ পাওয়া না গেলেও এই সংঘাত যে দীর্ঘমেয়াদী যুদ্ধের রূপ নিচ্ছে, তা স্পষ্ট।