মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করতে পারেন ট্রাম্প

ইরান যুদ্ধের ক্রমবর্ধমান উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স সূত্রে খবর, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধের তৃতীয় সপ্তাহে পৌঁছে রণকৌশলে বড়সড় বদল এনে তেহরানকে চাপে রাখাই ওয়াশিংটনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
মার্কিন আধিকারিকদের মতে, প্রধানত হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এছাড়া ইরানের খার্গ দ্বীপ ও উপকূলীয় এলাকায় স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনাও খতিয়ে দেখছে হোয়াইট হাউস। এই অভিযানের মাধ্যমে ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার একটি নীল নকশা তৈরি করা হয়েছে, যা সামরিক মহলে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচিত।
তবে এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার পাশাপাশি ইউরেনিয়াম ভাণ্ডার সুরক্ষিত করার বিষয়টিও বেশ জটিল। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, স্থলবাহিনী পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্প সবরকম সামরিক বিকল্প খোলা রাখছেন।