মধ্যবিত্তের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! এসি কিনতে গুনতে হবে ১৪ শতাংশ বাড়তি টাকা

গরমের স্বস্তিতে জল ঢেলে দিচ্ছে এলপিজি সংকট! লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের তীব্র ঘাটতির জেরে এয়ার কন্ডিশনার উৎপাদন প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা লেগেছে। নুভামা রিপোর্ট অনুযায়ী, রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক কোটায় কাটছাঁট করেছে সরকার। ফলে এসি তৈরির মূল ধাপ ‘হিট এক্সচেঞ্জার ব্রেজিং’-এর খরচ একলাফে অনেকটা বেড়ে গিয়েছে।
বিকল্প জ্বালানি হিসেবে অত্যন্ত মহার্ঘ ‘অক্সি-অ্যাসিটিলিন’ ব্যবহার করতে বাধ্য হচ্ছে কো ম্পা নিগুলো। এর ওপর ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন এবং নতুন স্টার রেটিং নিয়মের গেরোয় নাজেহাল প্রস্তুতকারক সংস্থাগুলি। এলজি ইলেকট্রনিক্স ইতিমধ্যেই সমস্ত এসি মডেলের ওপর ১০ শতাংশ দাম বৃদ্ধির ঘোষণা করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও উৎপাদন খরচের ঊর্ধ্বগতি বিচার করে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এসির দাম ৮ থেকে ১৪ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ২০২৫-এর ঝিমিয়ে পড়া বাজারের পর এ বছর বিক্রিতে জোয়ার আসার আশা থাকলেও, অগ্নিমূল্য বাজারের আশঙ্কায় কপালে ভাঁজ সাধারণ ক্রেতাদের।