মধ্যস্থতার প্রস্তাব খারিজ হোয়াইট হাউসের, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেই অনড় ট্রাম্প

ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ থামাতে পশ্চিম এশিয়ার একাধিক দেশের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সূত্রের খবর, ওমান ও মিশর কয়েক দফায় যুদ্ধবিরতির জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও ট্রাম্প আলোচনায় বসতে অস্বীকার করেছেন। বর্তমানে কোনো প্রকার সমঝোতা নয়, বরং ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করতেই মার্কিন বাহিনী পূর্ণ মনোনিবেশ করেছে বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওমান ও মিশর ইতিপূর্বে দু’পক্ষের মধ্যে সফলভাবে দৌত্য চালালেও এবার ডোনাল্ড ট্রাম্পের অনড় মনোভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ আধিকারিক নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট এখনই কোনো আলোচনায় আগ্রহী নন এবং নির্ধারিত সামরিক অভিযান অব্যাহত থাকবে। পরিস্থিতির অবনতি রুখতে মিশর অন্যান্য আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখলেও মার্কিন অনাগ্রহে কূটনৈতিক পথ আপাতত রুদ্ধ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকে এই সংঘাত চরম আকার ধারণ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর পাল্টা প্রত্যাঘাত শুরু করে তেহরানও। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, আলোচনার সময় পার হয়ে গিয়েছে। অন্যদিকে, ইরানও যুদ্ধবিরতির জন্য ক্ষতিপূরণ ও স্থায়ীভাবে হামলা বন্ধের শর্ত দিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে আশু শান্তি ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।