মধ্য এশিয়ায় যুদ্ধসংকট: পোষ্য ফেরাতে ও বিমান চলাচলে কেন্দ্রের বিশেষ ছাড়

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা করল কেন্দ্র। সংঘাতপূর্ণ অঞ্চল থেকে দ্রুত দেশে ফেরা নাগরিকদের প্রিয় পোষ্যদের সাথে আনতে নিয়মে এককালীন ছাড় দিয়েছে ‘সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস’ (সিবিআইসি)। পশুসম্পদ ও দুগ্ধ উন্নয়ন বিভাগের নির্দেশিকা অনুযায়ী, অস্বাভাবিক পরিস্থিতির কারণে নথিপত্র আসাম্পূর্ণ থাকলেও টিকাকরণ সার্টিফিকেট বা ‘পেট পাসপোর্ট’ দেখিয়ে এবং বন্দরে শারীরিক পরীক্ষার পর পোষ্যদের প্রবেশাধিকার দেওয়া হবে।
অন্যদিকে, আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়া এয়ার ইন্ডিয়াকেও বিশেষ সুবিধা দিয়েছে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ। ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় উড়ানের সময়সীমা বৃদ্ধি পেয়েছে। এই সংকট মোকাবিলায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পাইলটদের ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন’ বা কাজের সময়সীমা সংক্রান্ত নিয়মে সাময়িক শিথিলতা আনা হয়েছে।
বর্তমানে ইউরোপ ও উত্তর আমেরিকার গন্তব্যে পৌঁছাতে এয়ার ইন্ডিয়া মিশরের আকাশপথ ব্যবহার করছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনের পাশাপাশি আকাশপথের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতেই সরকারের এই জরুরি পদক্ষেপ। ‘অ্যানিমেল কোয়ারেন্টাইন অ্যান্ড সার্টিফিকেশন সার্ভিসেস’ পোষ্যদের চূড়ান্ত ছাড়পত্র প্রদান করবে, যা দুশ্চিন্তায় থাকা মালিকদের জন্য অত্যন্ত ইতিবাচক সংবাদ।