মনোনয়ন জমার শেষ দিনে মহানাটকীয় মোড়! সুপ্রিম কোর্টের নির্দেশে কি বাঁচবে কংগ্রেস প্রার্থীর ভাগ্য?

নির্বাচনী আবহে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম সংকটে পড়েছেন রতুয়ার কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন বিধায়ক মহম্মদ মোত্তাকিন আলম। প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমার আজই শেষ দিন, অথচ তালিকায় নাম না থাকায় তাঁর প্রার্থীপদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুক্রবার বিষয়টি জানার পর তিনি ট্রাইব্যুনালের দ্বারস্থ হলেও কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন তিনি।
সোমবার সকালে বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনা হলে আদালত অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, আজ দুপুর ১২টার মধ্যে ট্রাইব্যুনালকে মোত্তাকিনের আবেদনের নিষ্পত্তি করতে হবে। নির্বাচন কমিশনের আইনজীবী এই প্রসঙ্গে আদালতকে জানান যে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও প্রয়োজনীয় আলোচনা চালানো হচ্ছে।
আজ বিকেল তিনটের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম দফার এই নির্বাচনে লড়তে হলে তালিকায় নাম ফেরা মোত্তাকিনের জন্য এখন সময়ের লড়াই। একজন প্রাক্তন বিধায়কের নাম কীভাবে তালিকা থেকে গায়েব হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তাঁর নির্বাচনী ভবিষ্যৎ।