মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপি প্রার্থীকে কোলাকুলি ও ডাবের জল পানের পরামর্শ নারায়ণ গোস্বামীর

মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপি প্রার্থীকে কোলাকুলি ও ডাবের জল পানের পরামর্শ নারায়ণ গোস্বামীর

বারাসাত জেলাশাসকের কার্যালয়ে সোমবার মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে এক বিরল রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল। অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময় করেন। তীব্র দাবদাহে বিজেপি প্রার্থীকে ডাবের জল খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রচারে কোনো সমস্যা হলে ব্যক্তিগতভাবে জানানোর অনুরোধও করেন জেলা পরিষদের সভাধিপতি।

তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে জানান, গত নির্বাচনের জয়ের ব্যবধান এবার দ্বিগুণ হবে। তবে এদিন তিনি নির্বাচন কমিশন ও বিজেপির সমালোচনা করে অভিযোগ করেন, ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দীর্ঘদিনের ভোটারদের বাংলাদেশি তকমা দেওয়া বিজেপির একটি পরিকল্পিত ষড়যন্ত্র। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্যের এই বার্তা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

অন্যদিকে, বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষ গত নির্বাচনের হিংসা ও ভাঙচুরের প্রসঙ্গ তুলে সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, এবার একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলে পাল্টা জবাব দেওয়া হবে। তবে তৃণমূল প্রার্থীর সৌজন্যকে ইতিবাচকভাবে দেখলেও নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ নিশ্চিত। দুই শিবিরের এই বিপরীতমুখী অবস্থান এবং সৌজন্যের আবহ মনোনয়ন পর্বকে এক অন্য মাত্রা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *