মনোনয়ন জমা দিয়েই ইডির বিরুদ্ধে সরব সুজিত বসু, চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও হেনস্থার অভিযোগ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আবহে সোমবার বিধাননগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সুজিত বসু। এদিন সল্টলেকের প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেওয়ার আগে এক বিশাল রোড শো-এর মাধ্যমে শক্তিপ্রদর্শন করেন তিনি। বিপুল জনসমাগমের মাঝেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই বিদায়ী মন্ত্রী। সুজিত বসুর দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে নির্বাচনের মুখে তাঁকে হেনস্থা করার চেষ্টা চলছে।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এদিনই সুজিত বসুকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে মনোনয়ন প্রক্রিয়ার ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপকে ‘প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে সুজিত বসু বলেন, যে মামলায় তাঁকে ডাকা হচ্ছে, তাতে সিবিআই ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে এবং সেখানে তাঁর নাম নেই। নির্বাচনের মুখে এই ধরণের সমন পাঠিয়ে অযথা চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আগামী ১৫ এপ্রিলের পর তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন।
ভোটের প্রাক্কালে কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা রাজ্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। সম্প্রতি পুর নিয়োগ ও জমি দখল সংক্রান্ত মামলায় সুজিত বসু ছাড়াও রথীন ঘোষ এবং দেবাশিস কুমারের মতো শাসকদলের একাধিক প্রার্থীকে তলব করেছে ইডি। তৃণমূল শিবিরের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র শাসকদলের প্রার্থীদেরই নিশানা করা হচ্ছে। অন্যদিকে, মনোনয়ন পর্বের ভিড়কে নিজের আসল শক্তি হিসেবে উল্লেখ করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন সুজিত বসু। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে ইডির এই তলব এবং প্রার্থীর পালটা অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল।