মনোনয়ন জমা দিয়েই ভোটপ্রচারে ঝাঁপিয়ে পড়ছেন মমতা, বুধবার নজরে হুগলি

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আগামী বুধবার, ৮ এপ্রিল মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেই তিনি সরাসরি নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়বেন। ওই দিনই হুগলি জেলায় তাঁর তিনটি গুরুত্বপূর্ণ জনসভা করার কথা রয়েছে, যার মধ্যে রয়েছে আরামবাগ, বলাগড়-পাণ্ডুয়া এবং শ্রীরামপুর।
বৃহস্পতিবার তাঁর কর্মসূচি আরও ঠাসা, এদিন উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ, নোয়াপাড়া, জলহাটি, বরানগর ও বিধাননগরে মোট পাঁচটি সভা করবেন তিনি। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তৃণমূলের সাংগঠনিক শক্তি যথেষ্ট মজবুত হওয়ায় এই টানা কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
হুগলি ও উত্তর ২৪ পরগনার মতো তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিতে মমতার এই জোড়া সফর কর্মীদের মনোবল বাড়াতে বড় ভূমিকা নেবে। একদিকে কলকাতার ভবানীপুরে নিজের লড়াই, অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দলের হয়ে প্রচার— দুই মিলিয়ে আগামী ৪৮ ঘণ্টা সরগরম থাকতে চলেছে রাজ্যের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঝোড়ো প্রচার ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।