মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা: পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

কলকাতায় বিজেপি-র ব্রিগেড সমাবেশের আগে রণক্ষেত্র হয়ে উঠল গিরিশ পার্ক এলাকা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে ইটবৃষ্টি ও ভাঙচুরের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, জেলা থেকে আসা বিজেপি কর্মীরা মন্ত্রীর বাড়ির সামনে থাকা ‘বয়কট বিজেপি’ ব্যানার ছিঁড়ে ফেলে এবং হামলা চালায়। এই ঘটনায় মন্ত্রী নিজে এবং বউবাজার থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামানো হয়।
এই সহিংস ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ৩০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন তা ব্যবহার করা হয়নি, সেই প্রশ্নে সরব হয়েছে কমিশন। উদ্ভূত পরিস্থিতিতে কলকাতা পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও নির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে কমিশন।
ভোটের আগে এই ধরনের উসকানি ও অশান্তি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। গত কয়েকদিন আগেই কমিশনের ফুলবেঞ্চ পশ্চিমবঙ্গ সফর করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মন্ত্রীর বাড়িতে হামলার এই ঘটনায় নড়েচড়ে বসেছে কমিশন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।