মমতার প্রচার বন্ধের দাবিতে কমিশনে বিজেপি, পাল্টায় ‘ভয় পাওয়ার’ খোঁচা তৃণমূলের

মমতার প্রচার বন্ধের দাবিতে কমিশনে বিজেপি, পাল্টায় ‘ভয় পাওয়ার’ খোঁচা তৃণমূলের

রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার বন্ধ করার দাবি জানাল বিজেপি। সোমবার দিল্লির নির্বাচন সদনে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার, পীযূষ গোয়েল এবং কিরেণ রিজিজু। বিজেপির অভিযোগ, তৃণমূলনেত্রী ভোটারদের জীবনহানির হুমকি দিচ্ছেন এবং তাঁদের ভয় দেখাচ্ছেন। বিশেষ করে বিজেপি সমর্থকদের বাড়ির সামনে বিশেষ প্ল্যাকার্ড লাগানোর হুঁশিয়ারি নিয়ে সরব হয়েছেন গেরুয়া শিবিরের নেতারা।

নির্বাচন কমিশনের কাছে মোট ছয় দফা দাবি পেশ করেছে বিজেপির প্রতিনিধিদল। সুকান্ত মজুমদারের দাবি, হারের ভয়ে মরিয়া হয়ে মুখ্যমন্ত্রী অগণতান্ত্রিক পথ বেছে নিচ্ছেন। ভোটারদের আশ্বস্ত করতে এবং বাংলায় শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে। কমিশন সব দিক খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন।

বিজেপির এই পদক্ষেপকে কটাক্ষ করে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার দাবি করেন, হারের ভয়েই বিজেপি এসব করছে। কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েও কাজ না হওয়ায় এখন মমতার প্রচার আটকানোর চেষ্টা চলছে। তৃণমূলের মতে, খেলা শুরুর আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা এবং জনসমর্থন দেখে ঘাবড়ে গিয়েই বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে শাসকদলের পক্ষ থেকে পাল্ট দাবি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *