মমতার ‘বঙ্গভূষণ’ জয়ী অনন্ত মহারাজ এবার মোদির মঞ্চে, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজকে ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘বঙ্গভূষণ’ সম্মান গ্রহণ করায় তাঁর সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার কোচবিহারের রাসমেলা মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভায় যোগ দিলেন তিনি। তাঁর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে রাজবংশী নেতা বংশীবদন বর্মনকেও।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। কেন্দ্রীয় নেতৃত্বের এই তৎপরতা মূলত ‘বিদ্রোহী’ সুর নরম করে ভোট বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। এর আগে পৃথক উত্তরবঙ্গ রাজ্য বা এসআইআর ইস্যু নিয়ে অনন্ত মহারাজের একাধিক মন্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বকে চরম অস্বস্তিতে ফেলেছিল।
প্রধানমন্ত্রীর এই হাই-ভোল্টেজ সভায় অনন্ত মহারাজের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় মতবিরোধ ও তৃণমূল নেত্রীর প্রতি সৌজন্য প্রদর্শনের পর তাঁর এই প্রত্যাবর্তন গেরুয়া শিবিরের জন্য বড় স্বস্তি। নির্বাচনের মুখে রাজবংশী ভোটব্যাঙ্ক সংহত করতে এই উপস্থিতি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। অনন্তর এই ভোলবদল উত্তরবঙ্গের রাজনীতির সমীকরণ আরও জটিল করে তুলল।