মমতার মেগা সফর নদীয়ায় মতুয়া ও সংখ্যালঘু ভোটে নজর রেখে জোর প্রস্তুতি তৃণমূলের

মমতার মেগা সফর নদীয়ায় মতুয়া ও সংখ্যালঘু ভোটে নজর রেখে জোর প্রস্তুতি তৃণমূলের

আসন্ন নির্বাচন উপলক্ষে চলতি সপ্তাহে নদীয়ায় একাধিক জনসভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাকাশিপাড়া, শান্তিপুর ও চাকদহ বিধানসভা কেন্দ্রে তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে সাজোসাজো রব। সোমবার প্রথমে নাকাশিপাড়ার বেথুয়াডহরি এবং পরবর্তীতে শান্তিপুরের অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গণে সভা করবেন তিনি। এরপর মঙ্গলবার চাকদহ বিধানসভায় তাঁর জনসভা করার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলা প্রশাসন ও শাসক শিবিরের তৎপরতা তুঙ্গে। নাকাশিপাড়ায় হেলিপ্যাড তৈরির কাজ শেষ পর্যায়ে এবং শান্তিপুরে জেলাশাসক ও পুলিশ সুপার প্রস্তুতি বৈঠক সেরেছেন। তৃণমূলের জেলা নেতৃত্ব ও স্থানীয় বিধায়কদের দাবি, এই সভাগুলিকে ঐতিহাসিক করতে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। সভায় বিপুল জনসমাগমের লক্ষ্যমাত্রা নিয়ে নিয়মিত কর্মিসভা ও মাঠ পরিদর্শনের কাজ চলছে।

রাজনৈতিক দিক থেকে নদীয়ার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলার নির্ণায়ক শক্তি হিসেবে পরিচিত সংখ্যালঘু ও মতুয়া ভোটারদের উদ্দেশে নেত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। গত কয়েক বছরের নির্বাচনি খরা কাটিয়ে এবার বড় জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার অভিযান জেলার নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *