‘মমতার সুপারিতে আমাকে খুনের চেষ্টা’, তৃণমূল প্রার্থী হুমায়ুনের বিরুদ্ধে বিস্ফোরক অধীর

মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীরের দাবি, পুলিশ সুপার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে হত্যার পরিকল্পনা করেছিলেন হুমায়ুন। এমনকি জেলে গিয়ে বন্দিদের প্রলোভন দেখিয়ে অধীরকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
অধীর চৌধুরীর মতে, মুর্শিদাবাদে কংগ্রেস ভেঙে তৃণমূলের ভিত গড়তে হুমায়ুন সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তারই পুরস্কার হিসেবে তাঁকে ডেবরা থেকে বিধায়ক করা হয়েছিল বলে দাবি করেন এই প্রবীণ নেতা। হুমায়ুনকে একজন ‘বিপজ্জনক’ পুলিশ আধিকারিক হিসেবে উল্লেখ করে অধীর বলেন, ওই সময়কালে বহু মানুষের ক্ষতি করেছেন তিনি।
পাল্টা প্রতিক্রিয়ায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। তাঁর পালটা দাবি, পুলিশ সুপার থাকাকালীন তিনি জেলায় অপরাধীদের সিন্ডিকেট ভেঙেছিলেন। বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। এই ঘটনায় ভোটের মুখে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।