মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস রহস্য ও প্রিয় চায়ের বিশেষ রেসিপি

ভোটের ব্যস্ততার মধ্যেও ৭৩ বছর বয়সে ঈর্ষণীয় ফিটনেস বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়ার শান্তিপুরে নির্বাচনী জনসভা থেকে নিজের দৈনন্দিন রুটিন ও খাদ্যাভ্যাস নিয়ে মুখ খুললেন তিনি। টানা ১৫ বছর রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্বে থাকা মমতা জানান, সুস্থ থাকতে তিনি বাইরের খাবার পুরোপুরি এড়িয়ে চলেন এবং সাধারণ ঘরোয়া খাবারের ওপরই ভরসা করেন।
নিজের খাদ্যাভ্যাস সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, ভাত বা রুটির বদলে তিনি সাধারণত চিড়ে, মুড়ি, ডাল সেদ্ধ কিংবা বড়জোর একটি সেদ্ধ ডিম খেয়ে দিন কাটিয়ে দেন। দীর্ঘদিনের এই অভ্যেস তাঁকে কর্মতৎপর রাখতে সাহায্য করে বলে তিনি মনে করেন। এছাড়া ঝাল-মশলা যুক্ত খাবার তিনি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেন, যা তাঁর সুস্বাস্থ্যের অন্যতম প্রধান কারণ।
জনসভা থেকে মুখ্যমন্ত্রী তাঁর প্রিয় চায়ের বিশেষ রেসিপিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তিনি জানান, দিনে মাত্র দু’বার চা পান করেন— সকালে এবং বিকেলে। সকালে তাঁর পছন্দের পানীয় হলো গ্রিন টি। তবে এই চা তৈরির পদ্ধতিটি বেশ আলাদা। মমতা জানান, তিনি জলে মধু, দারচিনি ও লবঙ্গ ফুটিয়ে সকালে দু’কাপ চা খান এবং তারপরই সারাদিনের কাজের জন্য বেরিয়ে পড়েন।
পেশাদার জীবনের চরম ব্যস্ততা এবং রাজনৈতিক চাপের মাঝেও এমন সাধারণ জীবনযাপনই মমতাকে অন্যদের তুলনায় আলাদা করে রাখে। বাইরের তেল-মশলাদার খাবারের পরিবর্তে এই পরিমিত আহার এবং বিশেষ ভেষজ মিশ্রিত চা-ই তাঁর অফুরন্ত প্রাণশক্তির উৎস বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত নিয়মানুবর্তিতা এবং জিভকে নিয়ন্ত্রণে রাখাই তাঁর ফিটনেসের মূল মন্ত্র।