ময়নাগুড়ির তিস্তা ব্যারেজ বাংলোয় দুঃসাহসিক চুরি, খোয়া গেল মূল্যবান আসবাব

জলপাইগুড়ির ময়নাগুড়িতে তিস্তা ব্যারেজ প্রজেক্টের বাংলোতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে বাংলোর পেছনের গ্রিলের তালা ভাঙা অবস্থায় দেখতে পান চৌকিদার পুলিন চন্দ্র রায়। খবর পেয়ে অফিসের কর্মীরা এসে দেখেন, ভিআইপিদের জন্য রাখা দামী সোফা সেট, ম্যাট্রেস এবং ক্যারামবোর্ডসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে একদল দুষ্কৃতী।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিস্তা ইরিগেশন সাব ডিভিশন-২ এর এসডিও মিতুল সমাজিক সোমবার দুপুরে ময়নাগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কর্মীদের দাবি, এর আগেও এই বাংলোতে বাসনপত্র ও গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এসডিও জানান, সম্ভবত বাউন্ডারি ওয়াল টপকে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছিল। বাংলোতে কোনো স্থায়ী সিকিউরিটি গার্ড নেই এবং রবিবার ছুটির কারণে অফিস চত্বর জনশূন্য থাকায় সেই সুযোগ কাজে লাগিয়েছে চোরেরা। বর্তমানে পুলিশ অপরাধীদের শনাক্ত করতে তল্লাশি চালাচ্ছে এবং সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।