মহিলা বন্দির কাছে মেয়ের বিনিময়ে নিষিদ্ধ আবদার, এএসআই রাজেশ যাদবকে জেল হেফাজতের নির্দেশ

মহিলা বন্দির কাছে মেয়ের বিনিময়ে নিষিদ্ধ আবদার, এএসআই রাজেশ যাদবকে জেল হেফাজতের নির্দেশ

মহারাষ্ট্রের আকোলা জেলায় খোদ থানার লকআপের ভেতরে এক মহিলা বন্দির কাছে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) রাজেশ যাদব। আর্থিক প্রতারণার মামলায় সিভিল লাইনস থানায় বন্দি ওই মহিলার কাছে শারীরিক সম্পর্কের দাবি জানানোর পাশাপাশি তাঁর মেয়েকে রাত কাটানোর জন্য পাঠানোর প্রস্তাব দেন ওই পুলিশ কর্মকর্তা। অভিযুক্ত এএসআইকে ইতিমধ্য়েই বরখাস্ত করা হয়েছে এবং আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে জেল পাঠানোর নির্দেশ দিয়েছে।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত রাজেশ যাদব লকআপে থাকা ওই মহিলাকে ১০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে অশালীন মন্তব্য করেন। তিনি বলেন, “তুমি খুব সুন্দরী, তোমার মেয়েও নিশ্চয়ই সুন্দরী হবে।” এমন কুপ্রস্তাব প্রকাশ্যে আসতেই পুলিশ মহলে তোলপাড় শুরু হয়। জেলা পুলিশ সুপার অর্চিত চান্ডক দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে সাসপেন্ড করেন। এমনকি এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রাজেশ যাদবকে চড় মারছেন, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আদালত এই জঘন্য অপরাধের পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে। জেলের ভেতরেই তহসিলদারের উপস্থিতিতে অভিযুক্তের ‘শনাক্তকরণ প্যারেড’ করার অনুমতি দিয়েছেন বিচারক। উল্লেখ্য, রাজেশ যাদবের বিরুদ্ধে অতীতেও মহিলাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ছিল বলে জানা গেছে। বর্তমানে পুলিশ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও পদের অপব্যবহার সহ একাধিক ধারায় মামলা দায়ের করে বিভাগীয় তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *