মহিলা রেফারিকে লিঙ্গবৈষম্যমূলক কটাক্ষ, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞার মুখে নেইমার

মাঠের পারফরম্যান্স ছাপিয়ে আবারও গুরুতর বিতর্কে জড়ালেন ব্রাজিলীয় মহাতারকা নেইমার। ক্লাব দে রেমোর বিরুদ্ধে ম্যাচে মহিলা রেফারি স্যাভিও প্যারেইরা স্যামপাইওকে উদ্দেশ্য করে লিঙ্গবৈষম্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রেফারি তাঁকে হলুদ কার্ড দেখালে মেজাজ হারিয়ে নেইমার বিরূপ মন্তব্য করেন, যা ফুটবল বিশ্বে তীব্র সমালোচনার ঝড় তুলেছে।
সাক্ষাৎকারে নেইমার রেফারির ব্যক্তিগত জীবন ও শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে যে শব্দ ব্যবহার করেছেন, তা ব্রাজিলের ফুটবল আইনে অপরাধ হিসেবে গণ্য। এর ফলে নেইমারের ওপর ১০ থেকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা আসতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। এমন শাস্তি কার্যকর হলে মারাকানায় গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণের সুযোগ হারানোর পাশাপাশি তাঁর পেশাদার ক্যারিয়ারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এই নিষেধাজ্ঞার খড়গ নেইমারের আসন্ন বিশ্বকাপ ভাগ্যকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আন্সেলোত্তির নজরে আসার শেষ সুযোগ থাকলেও অখেলোয়াড়সুলভ আচরণের কারণে ১৮ মে ঘোষিত হতে যাওয়া বিশ্বকাপ স্কোয়াড থেকে তিনি বাদ পড়তে পারেন। ইতিমধ্যেই ক্রীড়া বিশেষজ্ঞ ও নারী অধিকারকর্মীরা তাঁর এই মানসিকতাকে নারীবিদ্বেষী আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।