মাংস বিক্রেতাকে জেহাদি ও রোহিঙ্গা অপবাদ দিয়ে দোকান উচ্ছেদ, অভিযোগ ডোমজুড়ের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

মাংস বিক্রেতাকে জেহাদি ও রোহিঙ্গা অপবাদ দিয়ে দোকান উচ্ছেদ, অভিযোগ ডোমজুড়ের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে খাদ্যাভ্যাস ও পরিচয় ঘিরে চরম উত্তেজনা ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। এক মুরগির মাংস বিক্রেতাকে ‘জেহাদি’ ও ‘রোহিঙ্গা’ বলে হেনস্থা করার পাশাপাশি তাঁর দোকান তুলে দেওয়ার অভিযোগ উঠল ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে। জগদীশপুর মোড় এলাকায় ঘটা এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, দলীয় সমর্থকদের নিয়ে প্রচারের সময় ওই প্রার্থী ব্যবসায়ীকে বাংলাদেশি ও রোহিঙ্গা বলে চিৎকার করে দোকান সরিয়ে দিতে বাধ্য করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী টুটুল হোসেন জানিয়েছেন, তাঁর আদি বাড়ি বীরভূমের লাভপুরে এবং তিনি এদেশের নিয়মিত ভোটার। সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও গত দেড় বছর ধরে চলা তাঁর দোকানটি গায়ের জোরে বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া দিয়েছে। হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় অভিযোগ করেছেন, সংখ্যালঘু ভোট না পাওয়ায় বিজেপি যাকে তাকে রোহিঙ্গা তকমা দিয়ে হেনস্থা করছে। বাংলার সংস্কৃতিতে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলে তিনি দাবি করেন।

পাল্টা যুক্তিতে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে তাঁর বাড়ির সামনে ওই দোকানটি বসিয়ে যাতায়াতে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। রাজ্যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন। নির্বাচনের ঠিক মুখে এই ব্যক্তিগত পরিচয় ও ব্যবসা কেন্দ্রিক বিতর্ক ডোমজুড় এলাকায় বড়সড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *