মাঝপথেই ইউ-টার্ন নিয়ে চিনের বদলে ভারতের দিকে ধেয়ে আসছে রাশিয়ান তেলের ট্যাঙ্কার
March 18, 20264:39 pm

রাশিয়া থেকে তেল আমদানিতে আমেরিকার বিশেষ ছাড় মেলার পরেই নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে বিশ্ব জলসীমায়। দক্ষিণ চিন সাগর থেকে মুখ ঘুরিয়ে অন্তত সাতটি বিশালাকার রুশ তেলের ট্যাঙ্কার এখন ভারতের বন্দরের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় ভারত রেকর্ড পরিমাণ অপরিশোধিত রুশ তেল কেনার তোড়জোড় শুরু করেছে।
জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী অ্যাকোয়া টাইটান এবং জুজু এন-এর মতো ট্যাঙ্কারগুলো চিনের গন্তব্য বদলে এখন ভারতের নিউ ম্যাঙ্গালোর ও সিক্কা বন্দরের পথে রয়েছে। গত কয়েক মাসে ভারত রুশ তেল আমদানি কমিয়ে দিলেও বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশীয় শোধনাগারগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের নতুন সমীকরণ তৈরির পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনাও দেখা দিচ্ছে।