মাঝরাতে হঠাৎ প্রচণ্ড খিদে পাওয়া হতে পারে মারাত্মক রোগের সংকেত, ডেনে নিন কারণ

আসাময়ে বা গভীর রাতে বারবার ফ্রিজ খোলার প্রবণতাকে কেবল সাধারণ অনিয়ম ভেবে এড়িয়ে যাবেন না। চিকিৎসকদের মতে, এই ‘নাইট হাঙ্গার’ আসলে শরীরের অভ্যন্তরীণ হরমোনের ভারসাম্যহীনতা বা সার্কাডিয়ান রিদমের বিপর্যয়ের লক্ষণ হতে পারে। ঘেরলিন ও লেপটিনের মতো হরমোনগুলোর ছন্দ বিগড়ে গেলে ঘুমের অভাব ও মানসিক চাপ বাড়ে, যা বিপাক প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে স্থূলতা, স্লিপ অ্যাপনিয়া কিংবা নারীদের ক্ষেত্রে হরমোনজনিত জটিলতা এই সমস্যার মূল কারণ হতে পারে।
গবেষণায় দেখা গেছে, রাতে দেরি করে খাওয়ার ফলে শরীরে ক্যালোরি পোড়ানোর ক্ষমতা কমে যায় এবং চর্বি জমার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। মাঝরাতে খিদের পাশাপাশি যদি অতিরিক্ত ঘাম হওয়া বা সকালে মাথা যন্ত্রণার মতো উপসর্গ থাকে, তবে তা গুরুত্ব দিয়ে দেখা জরুরি। বর্তমানে ওজন নিয়ন্ত্রণে বিভিন্ন আধুনিক ওষুধ ব্যবহৃত হলেও বিশেষজ্ঞরা মূল শারীরিক সমস্যা চিহ্নিত করার ওপর জোর দিচ্ছেন। সুস্থ থাকতে জীবনযাত্রায় পরিবর্তন ও সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্ত প্রয়োজন।