মাঝ আকাশে দুর্যোগ: বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অন্ডাল থেকে কলকাতা ফেরার পথে বৃহস্পতিবার ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতা বিমানবন্দরে অবতরণের ঠিক আগে প্রবল ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এটিসি থেকে অবতরণের অনুমতি মেলেনি। ফলে দীর্ঘ দেড় ঘণ্টা মাঝ আকাশে চক্কর কাটতে বাধ্য হয় মুখ্যমন্ত্রীর ফ্যালকন বিমানটি। এক সময় বিমানটি রাঁচি বা বেহালায় অবতরণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৮ মিনিটে দমদমে নিরাপদ অবতরণ করে।
এই চরম উৎকণ্ঠাজনক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিকূল আবহাওয়ার মাঝে দক্ষতার সাথে বিমান সামলানোর জন্য পাইলটকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “পাইলট খুবই ভালো ছিলেন। আমাদের জীবন বাঁচাতে তিনি তাঁর সেরাটা দিয়েছেন।” দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পাইলটের বিচক্ষণতার কারণেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি মনে করেন।
বিকেল ৩টে ৩৯ মিনিটে অন্ডাল থেকে যাত্রা শুরু করা বিমানটির ৩টে ৫৫ মিনিটে নামার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পান্ডুয়া, চাকদহ ও কালনার আকাশসীমায় দীর্ঘক্ষণ চক্কর কাটতে হয় সেটিকে। বিমানে থাকা অ্যানাউন্সমেন্ট সিস্টেমের মাধ্যমে সমস্যার কথা জানানো হয়েছিল এবং মুখ্যমন্ত্রী নিজেও জানলা দিয়ে সেই ভয়াবহ আবহাওয়া প্রত্যক্ষ করেন। শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করায় স্বস্তিতে প্রশাসন ও অনুগামীরা।