মাঝ সমুদ্রে হাহাকার, অনাহারে মৃত ১২ বাংলাদেশিসহ ২২ শ্রমিকের দেহ ভাসিয়ে দেওয়া হলো নোনা জলে
March 29, 20266:30 pm

লিবিয়া থেকে গ্রিসে পাড়ি দেওয়ার স্বপ্ন মুহূর্তে বদলে গেল বিভীষিকায়। দালালচক্রের খপ্পরে পড়ে টানা ছয় দিন খাবার ও পানীয় জলহীন অবস্থায় সমুদ্রে ভাসতে থাকা একটি ট্রলারে প্রাণ হারালেন ২২ জন পরিযায়ী শ্রমিক। মৃতদের মধ্যে ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা। নৌকাটি মাঝ সমুদ্রে দিকভ্রান্ত হয়ে পড়ায় রসদ ফুরিয়ে যায় এবং একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রমিকরা। নারকীয় এই ঘটনায় প্রাণহীন দেহগুলো সমুদ্রে ফেলে দেয় পাচারকারীরা। ভাগ্যক্রমে বেঁচে ফেরা কয়েকজনের মাধ্যমে এই মর্মান্তিক খবর পৌঁছায় স্বজনদের কাছে। জনপ্রতি ১২ লক্ষ টাকার বিনিময়ে এই মরণফাঁদে পা দিয়েছিলেন তারা। অভিযুক্ত মূল হোতা আজিজুল ইসলাম বর্তমানে লিবিয়ায় পলাতক এবং তার বিরুদ্ধে মানব পাচারের মামলা দায়ের করে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।