মাঠে ফুটবল ছেড়ে লাথি ঘুষি ও রক্তক্ষয়ী সংঘর্ষ এক ম্যাচে ২৩ লাল কার্ড দেখে স্তম্ভিত ফুটবল বিশ্ব

মাঠে ফুটবল ছেড়ে লাথি ঘুষি ও রক্তক্ষয়ী সংঘর্ষ এক ম্যাচে ২৩ লাল কার্ড দেখে স্তম্ভিত ফুটবল বিশ্ব

ব্রাজিলের ফুটবল মাঠে নজিরবিহীন এক কলঙ্কিত অধ্যায় রচিত হলো। চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মিনেইরো এবং ক্রুজেইরোর মধ্যকার ক্যাম্পিওনাতো মিনেইরো-র ফাইনাল ম্যাচটি ফুটবলীয় লড়াই ছাপিয়ে রণক্ষেত্রে পরিণত হয়। ম্যাচের শেষ মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে শুরু হওয়া হাতাহাতি, লাথি ও ঘুষির জেরে রেফারি রেকর্ড ২৩ জন ফুটবলারকে লাল কার্ড দেখাতে বাধ্য হন।

বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ফাইনালে ১-০ গোলে জয় পায় ক্রুজেইরো। কাইও জর্জের করা একমাত্র গোলে দলটি যখন শিরোপার সুবাস পাচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে উত্তেজনার সূত্রপাত ঘটে। ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিশ্চিয়ান গোলমুখে বল দখলের চেষ্টা করলে মিনেইরো গোলরক্ষক এভারসন তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং হাঁটুর আঘাত করেন।

এই ঘটনাকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে দুই দলের ফুটবলার, রিজার্ভ বেঞ্চের সদস্য এবং সাপোর্ট স্টাফরা মাঠের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, দাঙ্গা থামাতে শেষ পর্যন্ত মাঠের ভেতরে পুলিশ প্রবেশ করতে হয়। রেফারি ম্যাথিউস ডেলগাডো কঠোর অবস্থান নিয়ে ক্রুজেইরোর ১২ জন এবং মিনেইরোর ১১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখান। বহিষ্কৃতদের তালিকায় ব্রাজিলীয় তারকা হাল্কের নামও রয়েছে। ফুটবলের নান্দনিকতার দেশে এমন নগ্ন সহিংসতা বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *