মাত্র ৮ মাসে ৬৭০ এনকাউন্টার আর ৯০০ মৃত্যু! ক্রাইম কন্ট্রোলের নামে পাকিস্তানে আসলে কী ঘটছে?

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অপরাধ দমনের নামে চলা পুলিশের বিশেষ অভিযান নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পাকিস্তান মানবাধিকার কমিশন (HRCP)-এর সাম্প্রতিক এক রিপোর্ট থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। রিপোর্ট অনুযায়ী, গত ৮ মাসে পাঞ্জাব পুলিশ অন্তত ৬৭০টি এনকাউন্টার বা বন্দুকযুদ্ধ ঘটিয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন ৯০০-র বেশি মানুষ।
ফেব্রুয়ারি ২০২৫-এ পাঞ্জাব সরকার ‘ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট’ (CCD) গঠনের অনুমোদন দেয় এবং এপ্রিল থেকে তারা পুরোদমে কাজ শুরু করে। এইচআরসিপি-র দাবি, এই নতুন বিভাগটি আসার পরেই এনকাউন্টারের সংখ্যা একলাফে কয়েক গুণ বেড়ে গেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই ৮ মাসে ৯২৪ জন সন্দেহভাজন মারা গেছেন, যেখানে পুলিশের পক্ষে মাত্র ২ জনের মৃত্যু হয়েছে।
মানবাধিকার কমিশনের মতে, এই সংখ্যাটি ‘অস্বাভাবিক’। ২০২৪ সালের পুরো বছরে যেখানে পাঞ্জাব ও সিন্ধু মিলিয়ে নিহতের সংখ্যা ছিল ৩৪১, সেখানে নতুন বিভাগ আসার পর মাত্র ৮ মাসে সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আল জাজিরার তথ্য অনুসারে, বেশিরভাগ এনকাউন্টার হয়েছে ডাকাতি, লুটপাট, হত্যা ও মাদক মামলার আসামিদের বিরুদ্ধে। লাহোরেই সবচেয়ে বেশি ১৩৯টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই পুরো বিষয়টি নিয়ে এখন গভীর উদ্বেগ প্রকাশ করে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে এইচআরসিপি।