মাথায় কাস্তে-হাতুড়ি ভোটের বাজারে অভিনব কেশসজ্জায় নজর কাড়ছেন স্বরূপনগরের সবজি বিক্রেতা

আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে এক অনন্য প্রচার কৌশলে রাজ্যজুড়ে শোরগোল ফেলেছেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের মেদিয়া গ্রামের বাসিন্দা গোপাল মালাকার। পেশায় সবজি বিক্রেতা গোপালবাবু স্থানীয় মহলে ‘ভুবন’ নামেই সমধিক পরিচিত। দীর্ঘদিনের বাম সমর্থক এই ব্যক্তি নিজের মাথার চুলে কাস্তে-হাতুড়ি প্রতীকের ছাঁট দিয়ে ও লাল রঙ করিয়ে দলীয় আনুগত্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সকাল থেকে গ্রামে গ্রামে ঘুরে সবজি বিক্রির পাশাপাশি নিজের কেশসজ্জাকেই প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন ভুবন। হাতে লিফলেট বা পোস্টার ধরার বদলে নিজের মাথাকেই চলমান বিজ্ঞাপন বানিয়ে ফেলেছেন তিনি। ইদানীং তাঁর পরনে থাকছে ‘ফেরাতে হাল, ফিরুক লাল’ লেখা গেঞ্জি। বাজার থেকে চায়ের দোকান—সর্বত্রই কৌতূহলী মানুষ তাঁর এই অভিনব রাজনৈতিক বার্তা দেখতে ভিড় জমাচ্ছেন।
একসময় পেশাগত বাধ্যবাধকতায় অন্য পথ বেছে নিলেও, বর্তমানে বাম আদর্শেই স্থির থাকতে চান প্রাক্তন এই এসএফআই কর্মী। গোপালবাবুর মতে, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় বাম রাজনীতির বিকল্প নেই। একদিকে যেমন দেওয়াল লিখনের কাজে নিজেকে যুক্ত করেছেন, অন্যদিকে মাথার চুলের এই শৈল্পিক ছোঁয়া দিয়ে দলের প্রতি নিজের অটল বিশ্বাসকেই জনসমক্ষে তুলে ধরছেন তিনি।