মাদককাণ্ডে বিধায়ক হুমায়ুন কবীরের জামাইকে পুলিশের তলব, ষড়যন্ত্রের অভিযোগ

হেরোইন পাচার মামলায় মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের জামাই রায়হান আলিকে তলব করল লালগোলা পুলিশ। আগামী ২৮ ফেব্রুয়ারি তাঁকে তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতিপূর্বেই রায়হান, তাঁর বাবা এবং হুমায়ুন-কন্যার প্রায় ১৫ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। গোয়েন্দাদের দাবি, মাদক কারবারের অর্থেই এই স্থাবর-অস্থাবর সম্পত্তি কেনা হয়েছিল।
জামাইয়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে ‘গভীর ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণেই রায়হানকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বিধায়ক স্পষ্ট জানিয়েছেন, রায়হান আগাম জামিনের আবেদন করবেন না এবং নির্ধারিত দিনে থানাতেও হাজিরা দেবেন না।
বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নতুন দল গঠন করেছেন হুমায়ুন। রাজনৈতিক মহলের মতে, এই টানাপোড়েন মুর্শিদাবাদের নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলেছে। জামাইকে গ্রেফতার করা হলে ফল ভালো হবে না বলেও পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। বর্তমানে এই মাদক মামলাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।