মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের টোপ দিয়ে প্রতারণা, বিধাননগর পুলিশের জালে তিন

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের টোপ দিয়ে প্রতারণা, বিধাননগর পুলিশের জালে তিন

এ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল বিধাননগর পুলিশের সাইবার অপরাধদমন শাখা। ধৃতদের নাম মাসুদ আলি, ফৈয়দ আলি এবং চিরঞ্জিত দাস। ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তারা পরীক্ষার্থীদের ভুয়ো প্রশ্নপত্র বিক্রির ফাঁদ পেতেছিল বলে অভিযোগ।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি অভিযোগ পাওয়ার পরই পুলিশ মোবাইল সাবস্ক্রাইবার ডেটা, আইপি লগ এবং ডিজিটাল লেনদেনের তথ্য বিশ্লেষণ শুরু করে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার অভিযুক্তদের হদিস মেলে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশি জেরায় জানা গিয়েছে, অনলাইনের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে তারা জাল প্রশ্নপত্র সরবরাহ করত। গত ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হলেও এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। এই প্রতারণাচক্রে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *