মামলা বন্টনে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া, বড় বদলের পথে সুপ্রিম কোর্ট

দেশের বিচারব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তনের পথে সুপ্রিম কোর্ট। মামলার তালিকা তৈরি এবং কোন মামলা কোন বেঞ্চে উঠবে, তা নির্ধারণের প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের পরিকল্পনা করছে শীর্ষ আদালত। মূলত স্বচ্ছতা ফেরাতে এবং কাজের গতি বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। আদালতের অভ্যন্তরীণ তদন্তে মামলার তালিকা তৈরি ও লিস্টিং প্রক্রিয়ায় কিছু অনিয়ম এবং জটিলতা ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
বর্তমানে প্রধান বিচারপতির অধীনে ‘মাস্টার অফ রোস্টার’ এবং রেজিস্ট্রারদের তত্ত্বাবধানে লিস্টিং পদ্ধতি পরিচালিত হয়। তবে এই পদ্ধতিতে দীর্ঘদিনের জটিলতা ও অসংগতি কাটাতে এআই প্রযুক্তিকে কাজে লাগানো হবে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। যদিও সুপ্রিম কোর্টের তরফে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে এই প্রযুক্তি বাস্তবায়িত হলে বিচার প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।