মায়ের অসুস্থতায় কেরলের নার্সের সেবায় মুগ্ধ রাহুল গান্ধী

মায়ের অসুস্থতায় কেরলের নার্সের সেবায় মুগ্ধ রাহুল গান্ধী

অসুস্থ মা সোনিয়া গান্ধীকে নিয়ে হাসপাতালে রাত জাগার অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার রাতে জ্বর নিয়ে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন ৭৯ বছর বয়সি সোনিয়া গান্ধী। মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাহুল সারারাত হাসপাতালের সোফায় শুয়ে কাটান। ভোটপ্রচারের এক ভার্চুয়াল সভায় এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

রাহুল জানান, সারারাত কেরল থেকে আসা একজন নার্স প্রতি ঘণ্টায় সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন। তাঁর নিঃস্বার্থ সেবা এবং আন্তরিক ব্যবহারে মুগ্ধ হয়ে রাহুল বলেন, “বিপদের সময় ওই নার্সের মৃদু হাসি এবং মায়ের হাত ধরে আশ্বস্ত করার ধরন আমাকে স্বস্তি দিয়েছিল।” কেরলের মানুষের সেবার মানসিকতা ও কর্মনিষ্ঠাকেই এই ঘটনার মাধ্যমে সম্মান জানান কংগ্রেস নেতা।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ঋতু পরিবর্তনের কারণে জ্বরে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসার ইতিবাচক সাড়া দিচ্ছেন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মায়ের সেবায় নিয়োজিত নার্সের প্রশংসা করে রাহুল গান্ধী মূলত কেরলের মানবিক চরিত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *