মার্কিন ডলারে ১৬৫ বছরের প্রথা ভাঙলেন ট্রাম্প, নোট ও মুদ্রায় আসছে আমূল পরিবর্তন

দীর্ঘ ১৬৫ বছরের প্রথা ভেঙে মার্কিন ডলারের নোটে এবার স্থান পেতে চলেছে বিদায়ী বা বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর। এতদিন ডলার বিলে আমেরিকার ট্রেজারার এবং অর্থসচিবের সই থাকার নিয়ম থাকলেও, ডোনাল্ড ট্রাম্প সেই নিয়মে পরিবর্তন এনেছেন। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে প্রথাগত ট্রেজারারের সইয়ের পরিবর্তে এখন থেকে প্রেসিডেন্টের স্বাক্ষর সই সম্বলিত নোট বাজারে আসবে।
মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, ট্রাম্পের কৃতিত্ব এবং দেশের সাফল্যকে বিশ্বমঞ্চে শক্তিশালীভাবে তুলে ধরতেই এই পদক্ষেপ। আগামী জুন মাস থেকে ট্রাম্পের সই সম্বলিত নতুন ১০০ ডলারের নোট ছাপানোর কাজ শুরু হবে। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন ডলার বিলে নিজের স্বাক্ষর অন্তর্ভুক্ত করার নজির গড়লেন। এর ফলে পরবর্তী ট্রেজারার ব্র্যান্ডন বিচের স্বাক্ষরের অধিকার বিলুপ্ত হলেও তিনি এই পরিবর্তনকে জরুরি বলে সমর্থন জানিয়েছেন।
স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করতে শুধুমাত্র কাগুজে নোটই নয়, ট্রাম্পের ছবি সংবলিত ২৪ ক্যারাটের বিশেষ সোনার মুদ্রাও তৈরি করা হবে। বর্তমানে প্রচলিত ডলারে জো বাইডেন আমলের অর্থসচিব ও ট্রেজারারের সই রয়েছে, যা পর্যায়ক্রমে নতুন নোটে প্রতিস্থাপিত হবে। প্রশাসনের মতে, এই পদক্ষেপ মার্কিন শক্তি ও ঐতিহ্যের এক নতুন অধ্যায় সূচনা করবে।