মার্কিন ভূখণ্ডে ইরানি ড্রোন হামলার সতর্কতা, ক্যালিফোর্নিয়ায় হাই অ্যালার্ট জারি এফবিআই-এর

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের আঁচ এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এক সতর্কবার্তায় জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার পশ্চিম তটভূমিতে ভয়াবহ ড্রোন হামলা চালাতে পারে ইরান। আমেরিকা ও ইজরায়েলের লাগাতার অভিযানের প্রতিশোধ নিতেই তেহরান এই ছক কষছে বলে ধারণা করা হচ্ছে। তবে সম্ভাব্য এই হামলার বিস্তারিত তথ্য না থাকায় উদ্বেগ বাড়ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর।
পরিস্থিতি মোকাবিলায় ক্যালিফোর্নিয়া প্রশাসনকে সতর্ক করেছে এফবিআই। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই মার্কিন ভূখণ্ডে অতর্কিত হামলার পরিকল্পনা করছে ইরান। বিশেষ করে দেশটির উপকূলীয় অঞ্চলগুলো তেহরানের নিশানায় থাকতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যেও উত্তেজনা তুঙ্গে; হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কৌশলে ইরান ইতিমধ্যেই ইরাকের বন্দরে মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সংঘাত বন্ধে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনটি শর্ত দিলেও যুদ্ধ থামার লক্ষণ নেই। তেহরানের সার্বভৌমত্বের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আগ্রাসন না হওয়ার আন্তর্জাতিক গ্যারান্টি চেয়েছেন তিনি। তবে সৌদি আরবসহ একাধিক প্রতিবেশী দেশ ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার দাবি করেছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।