মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের মুখ! ২৪ ক্যারেট সোনার স্মারক কয়েন নিয়ে তুঙ্গে বিতর্ক

আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা ‘সেমি কুইনসেন্টেনিয়াল’ উদযাপনে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ট্রেজারি। এই ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করে রাখতে ২৪ ক্যারেট সোনার একটি বিশেষ স্মারক মুদ্রা জারির ঘোষণা করা হয়েছে। এই মুদ্রায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবয়ব খোদাই করা থাকবে, যা নিয়ে ইতিমিধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
প্রস্তাবিত নকশায় দেখা গেছে, ট্রাম্প হোয়াইট হাউসের ‘রেজোলিউট ডেস্ক’-এ মুষ্টিবদ্ধ অবস্থায় ঝুঁকে রয়েছেন। ১৯ মার্চ মার্কিন ললিত কলা কমিশন এই নকশায় অনুমোদন দিয়েছে। মার্কিন মুদ্রার ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কোনো আসীন প্রেসিডেন্টের ছবি স্থান পাচ্ছে। এর আগে ১৯২৬ সালে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি মুদ্রায় ব্যবহৃত হয়েছিল। দীর্ঘ এক শতাব্দী পর ট্রাম্প এই বিরল কৃতিত্ব অর্জন করতে চলেছেন।
এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। ওরেগনের সেনেটর জেফ মাকলি একে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তবে ট্রেজারি বিভাগ জানিয়েছে, ২০২৬ সালের জন্য ডাইম ও কোয়ার্টারের মতো নিয়মিত মুদ্রাতেও বিশেষ পরিবর্তন আনা হবে। এই স্বর্ণমুদ্রাটি মূলত স্বাধীনতার আড়াইশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংগ্রহের একটি অংশ হিসেবে সাধারণের জন্য উন্মুক্ত করা হবে।