মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে উত্তেজনা

ইরানের জলসীমায় প্রবেশের হুঁশিয়ারি দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-কে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সামরিক বাহিনীর জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, উপকূলভিত্তিক এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি রণতরীটিকে নিশানা করে উৎক্ষেপণ করা হয়। তবে এই হামলার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি।
ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি জানান, মার্কিন এই রণতরীটি সার্বক্ষণিক নজরদারিতে ছিল এবং ইরানের সীমানায় পৌঁছানোর পরপরই সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। দেশটির সামরিক কর্তাদের মতে, আমেরিকার তথাকথিত ‘কৌশলগত শক্তি’ এখন পরাজয়ের মুখে। তেহরান স্পষ্ট জানিয়েছে, তাদের ওপর কোনো প্রকার সামরিক আগ্রাসন চালানো হলে অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ পরিকাঠামোয় পাল্টা আঘাত হানা হবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দুই দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’র দাবি করা হলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বিষয়টিকে আমেরিকার কূটনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করে বলেন, পরিস্থিতি এখন আর আগের মতো নেই। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বর্তমানে ইরানের সামরিক সক্ষমতার ওপর নির্ভর করছে এবং ওয়াশিংটনকে তাদের যুদ্ধংদেহী মনোভাব ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।