মার্কিন সেনাদের আশ্রয় দিলে হোটেলে হামলার হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের আশ্রয় দিলে হোটেলে হামলার হুঁশিয়ারি ইরানের

পশ্চিম এশিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার ১৩টি সেনাঘাঁটি বিধ্বস্ত হওয়ার পর এবার উপসাগরীয় দেশগুলোর হোটেল কর্তৃপক্ষকে কড়া বার্তা দিল ইরান। দেশটির দাবি, আবাসন সংকটে পড়ে মার্কিন সেনারা এখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বিভিন্ন হোটেল ও সরকারি দফতরে আশ্রয় নিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী সাধারণ নাগরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে।

ইরান সেনার মুখপাত্র আবুলফজল শোকরচী সাফ জানিয়েছেন, মার্কিন সেনারা যে হোটেলেই অবস্থান করুক না কেন, সেটি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সিরিয়া, লেবানন এবং জিবুতির হোটেলগুলোকেও একইভাবে চিহ্নিত করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, তাদের বিরুদ্ধে হামলার জন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

মার্কিন সামরিক দপ্তর পেন্টাগন অবশ্য তাদের ঘাঁটিগুলো অক্ষত থাকার দাবি করে ইরানের এই তথ্যকে ভিত্তিহীন বলেছে। তবে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর সাম্প্রতিক রিপোর্টে মার্কিন ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা অস্থায়ী মার্কিন শিবির ও হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *