মালদহকাণ্ডে কড়া কমিশন সিবিআই তদন্তের নির্দেশ ও প্রশাসনের শীর্ষকর্তাদের কড়া ভর্ৎসনা

মালদহকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে বিচারকদের আটকে রাখার ঘটনায় সুপ্রিম কোর্ট স্বাধীন তদন্তের পরামর্শ দিয়েছিল। এর প্রেক্ষিতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্য পুলিশের ডিজি ও প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে রাজ্য প্রশাসনের ওপর তীব্র ক্ষোভ উগরে দেয় কমিশন।
বৈঠকে মালদহের পুলিশ সুপার ও জেলাশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জ্ঞানেশ কুমার জানতে চান, ঘটনার শুরুতে কেন পদক্ষেপ করা হয়নি। এমনকি অভিযুক্তদের চিহ্নিত করতে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি ভবানীপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন এবং সিইও দপ্তরের সামনে বিক্ষোভ রুখতে পুলিশের ব্যর্থতা নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকেও কড়া ভাষায় সতর্ক করে নির্বাচন কমিশন।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এসআইআর কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছে কমিশন। বিচারবিভাগীয় আধিকারিকদের বাসভবন ও পরিবারের সুরক্ষা নিশ্চিতে রাজ্য প্রশাসনকে একগুচ্ছ কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন। মালদহের ঘটনায় কোনো শিথিলতা সহ্য করা হবে না বলে সাফ জানানো হয়েছে।