মালদহের পুলিশ পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়ে তৃণমূলের প্রশ্ন, কাঠগড়ায় নির্বাচন কমিশন

মালদহের পুলিশ পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়ে তৃণমূলের প্রশ্ন, কাঠগড়ায় নির্বাচন কমিশন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে মালদহের পুলিশ পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়ে সরব হলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেন, মালদহের চারটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তের স্ত্রী স্মৃতি পাসওয়ান বিহারের একজন সক্রিয় বিজেপি নেত্রী। এই সংক্রান্ত নথি ও ছবি প্রকাশ করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল।

তৃণমূলের দাবি, জয়ন্ত কান্ত ২০০৯ ব্যাচের বিহার ক্যাডারের আইপিএস অফিসার। তাঁর কর্মস্থল বিহারের সীমান্তবর্তী এলাকা হওয়ার পাশাপাশি পরিবারের রাজনৈতিক যোগসূত্র থাকায় তাঁর নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছে ঘাসফুল শিবির। ব্রাত্য বসু প্রশ্ন তুলেছেন, একজন বিজেপি নেত্রীর স্বামীকে কেন সংবেদনশীল এলাকায় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হলো? কমিশনের এমন সিদ্ধান্তে নির্বাচনী স্বচ্ছতা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছিলেন। বিকেলে তৃণমূলের পক্ষ থেকে সাফ জানানো হয়, ভিনরাজ্য থেকে আসা অন্যান্য পর্যবেক্ষকদের পারিবারিক প্রেক্ষাপটও খতিয়ে দেখা প্রয়োজন। সীমান্তবর্তী মালদহের মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন নিয়োগের প্রতিবাদে সরব হয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *