মালদহে অশান্তির ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিল নির্বাচন কমিশন

মালদহে সাম্প্রতিক অশান্তির ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), প্রশাসন এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কমিশন। বিকেল সাড়ে ৩টা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক শুরু হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কমিশনের এই তৎপরতা চোখে পড়ে। আদালত জানায়, মালদহের ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ-র মতো কোনও স্বাধীন সংস্থাকে দিয়ে করাতে হবে। সেই নির্দেশের পরই কমিশন সক্রিয় হয়ে ওঠে।
সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, এডিজি (আইন-শৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ, পাশাপাশি সমস্ত জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপাররাও যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায়। কালিয়াচক-২ ব্লক অফিসে কর্মরত সাতজন বিচারককে রাত পর্যন্ত আটকে রাখে বিক্ষুব্ধ জনতা।
এই ঘটনার পর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনেন। এরপর বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করে।