মালদহে কংগ্রেসের রক্তক্ষয়ী বিদ্রোহ! নিজের কার্যালয়ই ভাঙচুর করে আগুন জ্বালালেন কর্মীরা
March 30, 202612:29 pm

মালদহ : প্রার্থী ঘোষণা হতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদহের চাঁচল। এক সময়ের কংগ্রেস গড় হিসেবে পরিচিত এই এলাকায় আসিফ মেহেবুবকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েছেন দলেরই কর্মীরা। রবিবার রাতে প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় তাণ্ডব। দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান উত্তেজিত সমর্থকরা।
বিক্ষোভকারীদের দাবি, আসিফ মেহেবুবের বদলে আনজারুল হককে প্রার্থী করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরী এই ঘটনাকে সাময়িক উত্তেজনা বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, শুধু মালদহ নয়, বহরমপুর থেকে বালিগঞ্জ—রাজ্যের ২৮৪টি আসনে লড়াকু নেতাদের প্রার্থী করে এবার কোমর বেঁধে নামছে হাত শিবির। তবে খোদ শক্ত ঘাঁটিতেই দলের এই অভ্যন্তরীণ কোন্দল অস্বস্তি বাড়াল প্রদেশ কংগ্রেসের।