মালদহে বিচারকদের ওপর হামলার আগাম সতর্কতা: প্রশাসনের ভূমিকা নিয়ে তুঙ্গে বিতর্ক

মালদহে বিচারকদের ওপর হামলার আগাম সতর্কতা: প্রশাসনের ভূমিকা নিয়ে তুঙ্গে বিতর্ক

মালদহের কালিয়াচকে বিচারকদের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, হামলার আশঙ্কার কথা জানিয়ে ঘটনার এক মাস আগেই জেলাশাসককে চিঠি দিয়ে সতর্ক করেছিলেন জুডিশিয়াল অফিসাররা। কালিয়াচক বিডিও অফিস এলাকাকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা। এমনকি এসআইআর তালিকা থেকে বাদ পড়াদের সম্ভাব্য হামলার বিষয়েও চিঠিতে স্পষ্ট উল্লেখ ছিল।

আশঙ্কা সত্ত্বেও জেলা প্রশাসন কেন যথাযথ পদক্ষেপ নেয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও অফিস স্থানান্তরের আবেদন গুরুত্ব না দেওয়ায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার। শীর্ষ আদালত এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকেও শোকজ করেছে। বর্তমানে এনআইএ আধিকারিকরা ঘটনাস্থল ও জেলাশাসকের দপ্তরে গিয়ে বিশদ তদন্ত শুরু করেছেন।

এদিকে মোথাবাড়ি কাণ্ডের মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উত্তরবঙ্গের এডিজি জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত ১৯টি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জনকে। কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *