মালদহে বিচারক ঘেরাও কাণ্ড আইএসএফ প্রার্থীসহ গ্রেপ্তার ১৮, কড়া পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ভোটার তালিকা নিয়ে উত্তজনা ছড়ালো মালদহের কালিয়াচকে। বুধবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর কাজে নিযুক্ত সাতজন বিচারককে প্রায় সাড়ে সাত ঘণ্টা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গভীর রাতে পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। যদিও আইএসএফ প্রার্থী এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন এবং ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন। বিক্ষোভকারীদের দাবি ছিল, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাই আগে সমস্যার সমাধান না হলে ভোট প্রক্রিয়া শুরু হতে দেওয়া হবে না। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে মালদহের এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক মেরুকরণ নজিরবিহীন এবং প্রশাসনের তৎপরতা অত্যন্ত শ্লথ ছিল। আদালতের নির্দেশের ক্ষেত্রেও রাজনীতির ছাপ স্পষ্ট বলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা। নির্বাচনের প্রাক্কালে বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তার এই অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা এখন বড়সড় প্রশ্নের মুখে।